
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে খুলনা থেকে একটি মালবাহী ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি কোটচাঁদপুর স্টেশন এলাকা অতিক্রম করার সময় আকস্মিকভাবে লাইনের ত্রুটি দেখা দেয় এবং ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর পরই ওই রুটে চলাচলকারী অন্য সব ট্রেনের যাত্রা বিভিন্ন স্টেশনে থামিয়ে দেওয়া হয়।
কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে লাইন সচল করতে উদ্ধার কার্যক্রম জোরদারভাবে চলছে। উদ্ধার কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।












































