
মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
দেশের প্রবীণ নাগরিক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের যাতায়াত আরও সাশ্রয়ী করতে মেট্রোরেলের ভাড়ায় বিশেষ ছাড় চালু করতে যাচ্ছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা মেট্রোরেলে একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া ছাড় পাবেন।
সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে অর্থ বিভাগ এই সংক্রান্ত প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইস্যু করা ‘সুবর্ণ পরিচয়পত্র’ দেখিয়ে এই ছাড়ের সুবিধা গ্রহণ করতে পারবেন। অন্যদিকে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে বয়স নিশ্চিত সাপেক্ষে বিশেষ এই ছাড় প্রদান করা হবে। এর আগে মেট্রোরেলে কেবল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় ১৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা ছিল।
তবে নতুন সিদ্ধান্তে প্রতিবন্ধীদের সেই ছাড়ের পরিমাণ বাড়িয়ে ২৫ শতাংশ করার পাশাপাশি প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এই জনকল্যাণমূলক সুবিধার আওতায় আনা হচ্ছে।
এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর হিসাব অনুযায়ী, এই বিশেষ ছাড় কার্যকর হওয়ার ফলে মেট্রোরেল খাত থেকে বছরে প্রায় ১২ কোটি টাকার রাজস্ব কম আসতে পারে, যা তাদের মোট টিকিট আয়ের আনুমানিক ৩ শতাংশের সমান।
যেহেতু বিষয়টি সরাসরি রাষ্ট্রীয় আর্থিক খাতের সঙ্গে জড়িত, তাই সব নিয়ম মেনেই অর্থ বিভাগের আনুষ্ঠানিক মতামত ও প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকেই নতুন এই ভাড়া কাঠামো স্টেশনগুলোতে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।













































