
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।’
মির্জা ফখরুল বলেন, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের অবনতির ভয়াবহ প্রতিফলন।
তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।’
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ বা সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন এবং সম্মিলিত সচেতনতা।
তার মতে, পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের সম্মানবোধ, মানবিকতা, দায়িত্ববোধ এবং নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা।”
তিনি সবাইকে সামাজিক পরিবর্তনের এই আন্দোলনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।











































