
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে এবং তাদের সান্ত্বনা দিতে সেখানে যাবেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করেই তিনি সরাসরি রামিসার পরিবারের উদ্দেশ্যে রওনা হবেন।
এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মামলাটির বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত বুধবার (২০ মে) নিহত রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের কাছে এই জবানবন্দি রেকর্ড হওয়ার পর আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, এই নৃশংস ঘটনার পর রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যেই এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, আসামি সোহেল রানা কৌশলে শিশু রামিসাকে নিজের বাসায় ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।












































