
ফাইল ছবি
মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির বিনিময়ে ঘুষ নেওয়া এবং ঋণ দেওয়ার নামে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ব্যাংকের তিন কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ শনিবার (২৩ মে) বোর্ডের পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা যাওয়া প্রবাসী মো. কাইয়ুমের পরিবারের আর্থিক অনুদান প্রক্রিয়া শেষ করে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওই দুই কর্মচারী।
অন্যদিকে, প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম এক ভুক্তভোগীকে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে অনৈতিকভাবে টাকা নেন। এই দুই জঘন্য অনিয়মের বিষয়ে একজন সচেতন সাংবাদিক এবং ভুক্তভোগী পরিবার সুনির্দিষ্ট ভিডিও তথ্য-প্রমাণসহ সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের সঙ্গে নিয়ে অভিযুক্ত কর্মচারীদের দপ্তরে ঝটিকা অভিযান চালান। সেখানে ভিডিও প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অফিস আদেশে বলা হয়, কর্মচারীদের এমন অনৈতিক আচরণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে, যা চাকরি বিধিমালা ও শৃঙ্খলা ভঙ্গের শামিল। ফলে আজই তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়।
এই প্রসঙ্গে হুশিয়ারি উচ্চারণ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী এবং তাদের পরিবারের সেবা দেওয়ার ক্ষেত্রে দেশে কিংবা বিদেশের দূতাবাসে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে বর্তমান সরকার “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করবে। প্রবাসীদের রক্ত পানি করা টাকা নিয়ে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম বা অনৈতিক সুবিধা গ্রহণ কোনোভাবেই সহ্য করা হবে না।’ দোষীদের বিরুদ্ধে পরবর্তীতে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।













































