সোমবার । মে ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ২৫ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
শেয়ার

হাম ও হামের উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু


দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত দুই মাসেরও কম সময়ে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১২৭ জন এবং ল্যাব টেস্টে নিশ্চিত শনাক্ত রোগী ৯৭ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা ১ হাজার ২২৪ জন।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সারা দেশে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জনে। আর এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে। অর্থাৎ, আক্রান্ত ও সন্দেহভাজনের মোট সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ ও সন্দেহ নিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ৯৪০ জন। বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, শিশুদের মধ্যে হামের প্রকোপ ও উপসর্গজনিত মৃত্যু বেশি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।