
সংগৃহীত ছবি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে মুসলিমরা ঈদের নামাজ আদায়, কুরবানি এবং হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।
ঈদের আগের দিন মঙ্গলবার হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ সম্পন্ন করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ১৬ লাখ হাজি। আরাফাতের ময়দানে ইহরাম পরিহিত মুসল্লিদের ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হাজিরা ইবাদত, দোয়া ও তওবায় মগ্ন সময় কাটান।
এদিন নামিরা মসজিদে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়েছে।
সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় অবস্থান করেন এবং মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার মিনার বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা। এরপর কুরবানি ও হজের অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবেন তারা।
এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ঈদ ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে হজ পালন নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ নিয়েছে ব্যাপক প্রস্তুতি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।










































