শুক্রবার । মে ২৯, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৯ মে ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ


bangladesh-women-team

বাংলাদেশের মেয়েদের গোল উদযাপন। ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ পর্যন্ত জয় এলেও, মাঠের লড়াইয়ে প্রত্যাশার চেয়েও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে।

এর আগে মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১১-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের ধারণা ছিল বাংলাদেশের জয়টি হবে একপেশে ও সহজ। কিন্তু মাঠের বাস্তবতায় দেখা গেল ভিন্ন চিত্র; ম্যাচজুড়েই বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণভাগকে কঠিন চাপে ফেলে দেয় মালদ্বীপের ফরোয়ার্ডরা।

ম্যাচের প্রথম মিনিটেই সুইডেনপ্রবাসী আনিকা সিদ্দিকীর চোখধাঁধানো গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর খেলার ৩৪ মিনিটে উমহেলা মারমা ব্যবধান দ্বিগুণ (২-০) করলে ম্যাচটি একপেশে হওয়ারই ইঙ্গিত মিলছিল। তবে কোচ পিটার বাটলারের হাই-লাইন ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমার্ধেই এক গোল শোধ করে ম্যাচে ফেরে মালদ্বীপ। নুরা বাংলাদেশের রক্ষণভাগ ভেঙে কোণঠাসা করে গোলরক্ষক মিলির মাথার ওপর দিয়ে চমৎকার শটে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবারও বাংলাদেশের রক্ষণভাগকে চরম ভোগান্তিতে ফেলে মালদ্বীপ। ফাজলার একটি আক্রমণাত্মক শট ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন বাংলাদেশের গোলরক্ষক মিলি। আর এই ভুলের সুযোগে গোল করে ম্যাচে ২-২ সমতা ফিরিয়ে আনে দ্বীপরাষ্ট্রটি।

তবে সমতায় ফেরার আনন্দ বেশি সময় স্থায়ী হতে দেয়নি বাংলাদেশ। মাত্র ছয় মিনিট পরই (৬৩ মিনিটে) আবার লিড ফিরে পায় লাল-সবুজের প্রতিনিধিরা। মালদ্বীপের গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে দারুণ এক সুযোগে বল জালে জড়ান সুরভি আক্তার প্রীতি। এরপর ম্যাচের ইনজুরি সময়ে ঋতুপর্ণা চাকমার কর্নার থেকে কোহাতি কিসকু চোখধাঁধানো গোল করলে ৪-২ ব্যবধানে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

এই জয়ের সুবাদে বাংলাদেশ ও ভারত দুই দলই এক ম্যাচে ৩ পয়েন্ট করে নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী ৩১ মে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ওই ম্যাচটি যদি শেষ পর্যন্ত ড্র হয়, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধায় ভারত গ্রুপসেরা হিসেবে পরের পর্বে যাবে।