
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রধান কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে দল সাজিয়েছেন। দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি এবার খেলতে নামলেই নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার বিরল কীর্তি গড়বেন।
দল ঘোষণায় সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এসেছে তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর বাদ পড়া। এছাড়া কাতার বিশ্বকাপজয়ী দলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনিয়াও জায়গা পাননি চূড়ান্ত স্কোয়াডে। তবে দলের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে স্কালোনি ভরসা রেখেছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও জুলিয়ানো সিমেওনেদের ওপর।
আক্রমণভাগে মেসির সঙ্গে থাকছেন লাউতারো মার্টিনেজ। আর গোলবারের নিচে আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন এমিলিয়ানো মার্টিনেজ।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘গ্রুপ জে’-তে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল নকআউট পর্বে জায়গা করে নেবে।
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার পূর্ণ দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।





































