শনিবার । মে ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩০ মে ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার

প্রতিটি গ্রামে একজন জিয়ার আদর্শের মানুষ চাই: কায়সার কামাল


Kaiser-Kamal

ব্যারিস্টার কায়সার কামাল। সংগৃহীত ছবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ ও অনুসরণের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “এক জিয়া লোকান্তরে, লাখো জিয়া ঘরে ঘরে” বলার চেয়ে সমাজের প্রতিটি গ্রামে একজন করে জিয়ার আদর্শে গড়া মানুষ তৈরি হওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

শনিবার নেত্রকোনার দুর্গাপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। কায়সার কামাল বলেন, প্রকৃত জিয়াপ্রেমী হতে হলে শুধু স্লোগান নয়, তাঁর আদর্শ, কর্মদর্শন ও মূল্যবোধকে জীবনে ধারণ করতে হবে। তবেই তাঁর আত্মার শান্তি ও আদর্শের যথার্থ চর্চা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের লেখা ও জীবনাদর্শ অধ্যয়ন করলে একজন সমাজকর্মী বা রাজনৈতিক কর্মীর দায়িত্ব ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। নেতৃত্ব, সততা, ব্যক্তিত্ব, জ্ঞান এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে তিনি আজও অনুসরণীয় উদাহরণ হয়ে আছেন।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।