শনিবার । মে ৩০, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৩০ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপের জন্য কানাডার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা


canada-team

ছবি: এএফপি

ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আসরের সহ-আয়োজক কানাডা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক আলফোনসো ডেভিস, আর আক্রমণভাগের মূল ভরসা হিসেবে আছেন জোনাথন ডেভিড।

কোচ জেসি মার্শ এই দলটিকে কানাডার ইতিহাসের অন্যতম সেরা স্কোয়াড হিসেবে আখ্যায়িত করেছেন। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠেছেন বায়ার্ন মিউনিখের তারকা আলফোনসো ডেভিস। তাকে বিশ্বকাপের জন্য ফিট ঘোষণা করা হলেও উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

জুভেন্টাসের ফরোয়ার্ড জোনাথন ডেভিডকে আক্রমণভাগের প্রধান অস্ত্র হিসেবে রাখা হয়েছে। অন্যদিকে মিডফিল্ডে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আছেন জোনাথন ওসোরিও, যিনি এখন পর্যন্ত ৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

প্রাথমিক স্কোয়াড থেকে জ্যাসেন রাসেল-রো, ড্যানিয়েল জেবিসন ও জেডেন নেলসনের মতো কয়েকজন খেলোয়াড় বাদ পড়েছেন। কানাডা ‘বি’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড।

কানাডার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ম্যাক্সিম ক্রেপো, ডেইন সেন্ট ক্লেয়ার, ওয়েন গুডম্যান

ডিফেন্ডার: আলফোনসো ডেভিস, অ্যালিস্টেয়ার জনস্টন, মোইসে বোম্বিটো, ডেরেক কর্নেলিয়াস, রিচি লারিয়া, নিকো সিগুর, জোয়েল ওয়াটারম্যান, লুক ডি ফুগারোলেস, অ্যালফি জোন্স

মিডফিল্ডার: স্টিফেন ইউস্তাকিও, ইসমায়েল কোনে, তাজন বুকানন, ম্যাথিউ শোইনিয়ার, আলি আহমেদ, নাথান সালিবা, জেকব শ্যাফেলবার্গ, লিয়াম মিলার, মার্সেলো ফ্লোরেস, জোনাথন ওসোরিও

ফরোয়ার্ড: জোনাথন ডেভিড, কাইল লারিন, তানি ওলুয়াসেয়ি, প্রমিজ ডেভিড