
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহি নন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তিনি নতুন কোনো সংঘাত চান না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প বর্তমানে একটি কঠিন কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন। কারণ ওয়াশিংটনের অবস্থান আগের তুলনায় দুর্বল হয়েছে এবং ট্রাম্প যুদ্ধের পথে যেতে চান না।
তাছাড়া ইরানের সঙ্গে অন্তত একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য ট্রাম্পের ওপর চাপ রয়েছে। তবে এ ক্ষেত্রে ইসরায়েলের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাতের মতে, ‘লেবাননে যা ঘটছে, তাতে দেখা যাচ্ছে ইসরায়েল তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে ইরানের চাপ মোকাবিলা করার চেষ্টা করছে।’
তিনি বলেন, তেহরান দীর্ঘদিন ধরেই লেবাননের পরিস্থিতিকে বৃহত্তর কোনো চুক্তির সঙ্গে যুক্ত করে দেখছে। ইরান বারবার জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি যেকোনো সমঝোতা প্যাকেজের অংশ হতে হবে।
এই পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে বড় কোনো কূটনৈতিক অগ্রগতি বা সমঝোতার সম্ভাবনা খুবই কম বলে মনে করেন বারাকাত।









































