
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ || ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী হাদী হত্যা নিয়ে কী মন্তব্য করেছেন, তা বাংলাদেশের আমলে নেয়ার মতো বিষয় নয়। তবে হাদী হত্যার বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়া বাংলাদেশের মানুষের জন্য গর্বের বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি এটিকে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেও উল্লেখ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জনকে বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় মনে করছে ঢাকা। এটি বাংলাদেশের গণতন্ত্রের বিজয়।
তিনি আরও বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বই বাংলাদেশের উপর আস্থা রেখেছে, এই নির্বাচনই তার প্রমাণ।
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এসেছে। তবে তিনি কোন দেশ সফর করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।













































