
নিহত শহীদুল ইসলাম। ছবি: সংগৃহীত
ছুটি নিয়ে দেশে আসার মাত্র তিন দিন আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী শহীদুল ইসলাম (৪০)। স্থানীয় সময় শনিবার (৬ জুন) রাতে ওমানের বেরুমি এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার প্রবাসীর মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শহীদুল ইসলাম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জমাদারগ্রাম এলাকার আস্কর আলী বৈদ্দ্য বাড়ির মৃত মোহাম্মদ মেস্ত্রীর চতুর্থ ছেলে। বর্তমানে তাঁর মরদেহ ওমানের বেরুমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ ২০ বছর ধরে ওমানে বসবাস করছিলেন শহীদুল। সেখানে মূলত এমব্রয়ডারির কাজ করতেন তিনি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসার কথা ছিল তার। ইতোমধ্যে তিনি বিমানের টিকিট বুকিং করাসহ দেশে ফেরার যাবতীয় সব প্রস্তুতিও সম্পন্ন করে ফেলেছিলেন।
শনিবার রাতে তিনি দেশে থাকা তাঁর একমাত্র স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনদের জন্য বিভিন্ন উপহারসামগ্রী কেনাকাটা করতে মার্কেটে গিয়েছিলেন। কেনাকাটা শেষে জিনিসপত্র নিয়ে বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ি তাঁকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
স্বজনেরা আরও জানান, দীর্ঘদিন পর দেশে ফিরবেন এই নিয়ে শহীদুল ইসলাম নিজে যেমন অত্যন্ত আনন্দিত ছিলেন, তেমনি তাঁর গ্রামের বাড়িতে থাকা ছেলে-মেয়ে ও পরিবারের অন্য সদস্যরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু ওমানের সড়কের এক নির্মম দুর্ঘটনা মুহূর্তের মধ্যেই সেই আনন্দকে বিষাদে রূপ দিল। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘মিরসরাই সমিতি ওমান’-এর সাবেক সভাপতি মো. আবু নছর রিয়াদ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, নিহত রেমিট্যান্সযোদ্ধা শহীদুল ইসলামের মরদেহ আইনি প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর জন্য তাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ও আনুষ্ঠানিক সহযোগিতা প্রদান করা হবে।

















































