
গ্রেপ্তার মো. আব্দুল আজিজ ও মো. রায়হান
চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাতো বোনের বিয়ের মেহেদি অনুষ্ঠানের মঞ্চে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) এবং কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রায়হান (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার পশ্চিম গোমদণ্ডী আলা মিয়া ট্যান্ডল বাড়িতে কনের মেহেদী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের মঞ্চে বসে হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ এবং সদস্য মো. রায়হান ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরবর্তীতে সেই স্লোগান দেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে।
ভিডিওর সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে শনিবার রাতে বিয়ের মূল অনুষ্ঠানের দিন আরাকান সড়কের ওই কমিউনিটি সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই ছাত্রলীগ সদস্যকে গত জুলাই মাসের গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার দায়ে দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।










































