
ফাইল ছবি
প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নন এমন কর্মকর্তাদের বিদেশ সফরের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলীকে সফরের অনুমতি দেওয়া যেতে পারে বলে তিনি মত দেন।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (এএলএসি) পরিদর্শন এবং বিদ্যুৎ-সাশ্রয়ী স্ট্রিট লাইটিং প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সফর প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, স্ট্রিট লাইটিং প্রযুক্তি বিষয়ে অর্জিত জ্ঞান প্রকৌশলীর কাজে লাগবে, তবে প্রশাসকের অংশগ্রহণের বিশেষ প্রয়োজন নেই।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে মশকনিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করা হয়নি। পাশাপাশি কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার নামে করার প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়নি। সরকারের মতে, সাম্প্রতিক এসব সিদ্ধান্তে বিদেশ সফরের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও পেশাগত সংশ্লিষ্টতাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণের নীতির প্রতিফলন ঘটেছে।












































