সোমবার । জুন ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৮ জুন ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার

জুলাই-আগস্ট থেকে প্রাথমিক শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম, জুতো ও ব্যাগ


Boby-Hazzaz

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতো, মোজা ও স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম আগামী জুলাই-আগস্ট থেকেই শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার সচিবালয়ে এক সভা শেষে তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়া হবে। প্রথম ধাপে অন্তত ১ লাখ শিক্ষার্থীর মধ্যে সামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের কাছেও এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, দেশের ২৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই পাইলট প্রকল্পের আওতায় থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পাইলট প্রকল্পের ফলাফল ইতিবাচক হলে আগামী জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে ইউনিফর্ম, জুতো, মোজা ও স্কুল ব্যাগ বিতরণ শুরু হতে পারে। এ কর্মসূচির উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।