
ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান জনআস্থা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন জানিয়ে তার অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন অত্যন্ত কার্যকর ও উপযোগী দেশ।
বৃহস্পতিবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়ীদের সঙ্গে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. তিতুমীর বলেন, বাংলাদেশ এখন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার ধারাবাহিকতায়।
বৈঠকে উপস্থিত জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির উদ্যোগ চলমান রয়েছে। বিনিয়োগকারীদের জন্য জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হচ্ছে।








































