রবিবার । জুন ১৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক প্রবাস ১৩ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার

সৌদি কারাগারে মৃত্যুর ২৮ দিন পর দেশে ফিরল প্রবাসী শাকিলের লাশ


shakil

সংগৃহীত ছবি

সৌদি আরবের কারাগারে মৃত্যুর ২৮ দিন পর প্রবাসী তরুণ শাকিলের (২৮) মরদেহ দেশে ফিরেছে। সরকারি উদ্যোগে দেশে আনার পর শনিবার (১৩ জুন) ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের পূর্ব কাতিয়ারচর গ্রামে তাঁর মরদেহ পৌঁছায়।

এর আগে শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে উন্নত জীবনের আশায় ঋণ করে সৌদি আরবে যান শাকিল। সেখানে কর্মস্থলের নিয়োগকর্তার সঙ্গে আকামা সংক্রান্ত জটিলতায় কাজ হারান তিনি। পরে অবৈধভাবে কাজ করার সময় স্থানীয় পুলিশের হাতে আটক হয়ে তিনি কারাগারে যান।

স্বজনদের দাবি, গত ১৫ মে কারাগারের একটি শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্র বিস্ফোরিত হয়ে ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শাকিলের মৃত্যু হয়। মৃত্যুর আগে ফোনে পরিবারের সঙ্গে কথা বলে তিনি অসুস্থতা ও কষ্টের কথা জানিয়ে দ্রুত দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন।

শাকিলের মরদেহ দেশে আনতে প্রায় আট হাজার সৌদি রিয়ালের প্রয়োজন হয়। পরে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের মাধ্যমে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের হস্তক্ষেপে সরকারি সহায়তায় মরদেহ দেশে আনা সম্ভব হয়। আইনি প্রক্রিয়ার জন্য ধারদেনা করে প্রায় দুই লাখ টাকা ব্যয় করেও ছেলেকে জীবিত ফেরত পাননি পরিবারটি।