সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ জুন ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার

হিজাব নিয়ে কটাক্ষ ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ


shibir

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের হিজাব-নিকাব নিয়ে কটাক্ষ এবং দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (১৪ জুন) রাতে দলটির ঢাকা মহানগরী শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

রাত সাড়ে ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পুরানা পল্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজার। তিনি অভিযোগ করে বলেন, “জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের হিজাব, নিকাব ও পর্দাকে লক্ষ্য করে বিএনপি সাংসদ মনিরুল হক চৌধুরীর কুরুচিপূর্ণ মন্তব্য এবং অন্যান্য সাংসদদের টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ চরম ধৃষ্টতা। শতকরা ৯০ ভাগ মুসলিমের দেশে এমন বক্তব্য কোটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে।” তিনি অবিলম্বে সংসদে দেওয়া এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান।

সমাবেশ থেকে দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের তীব্র প্রতিবাদ জানিয়ে শিবিরের এই নেতা দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী দেশে অন্তত দুই শতাধিক ধর্ষণের ঘটনার সঙ্গে বিএনপি, ছাত্রদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রশ্রয়ের কারণে দেশজুড়ে অব্যাহত নারী নির্যাতন সামাজিক নিরাপত্তাহীনতাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। মা-বোনদের ইজ্জত রক্ষা ও একটি নৈতিক সমাজ গঠনে তিনি ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় সমাবেশে বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বলেন, দেশে খুন, ধর্ষণ, প্রকাশ্যে গুলি ও মসজিদের মতো পবিত্র স্থানে গোলাগুলির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করতে পারছে না।

ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম সায়েমের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহ, দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন এবং পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।