শনিবার । জুন ২০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ জুন ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলা, নিহত ১


Ship

সংগৃহীত ছবি

কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলায় একজন নাবিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। পানামার মেরিটাইম অথরিটি (এএমপি) জানিয়েছে, বৃহস্পতিবার হামলার এ ঘটনা ঘটলেও শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পরও জাহাজটি বড় ধরনের ক্ষতি এড়িয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে। এএমপি জানিয়েছে, ঘটনার তদন্তে প্রয়োজনীয় প্রোটোকল সক্রিয় করা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

তবে হামলাটি কারা বা কোথা থেকে চালিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পানামা কর্তৃপক্ষ। ঘটনার পর কৃষ্ণ সাগর ও আজভ সাগরের উত্তরাঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার জলসীমা এড়িয়ে চলতে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করেছে তারা।