
বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (২০ জুন) রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
প্রবীণ এই রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে ‘জয় বাংলা বাহিনী’র (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি (সহ-সভাপতি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে লক্ষ্মীপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও সাবেক মন্ত্রী মেজর (অব:) আবদুল মান্নান এবং সাবেক এমপি আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল বারাকাত দুলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক মুছাকালিমুল্লাহসহ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।












































