
সংগৃহীত ছবি
দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে একক আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা জনগণ মেনে নেবে না।
শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমানের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় এবং জেলা পরিষদে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। তার ভাষ্য, এসব পদক্ষেপের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। অতীতে একদলীয় শাসনব্যবস্থা টেকেনি, ভবিষ্যতেও জনগণ এমন ব্যবস্থা মেনে নেবে না।
বিরোধী দলের প্রতি সংসদে অবমাননাকর বক্তব্য দেওয়ার রাজনৈতিক সংস্কৃতিরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, অতীতে যে ভাষায় আওয়ামী লীগ বিরোধী দলগুলোর সমালোচনা করত, এখন বিএনপির মধ্যেও সেই একই প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি মনে করেন।
প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বড় বাজেট দেওয়া সরকারের দায়িত্ব হলেও এর সুষ্ঠু বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতের মতো দুর্নীতি ও অর্থ লুটপাটের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার এখনো চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মত্যাগের কারণেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে। তাই তাদের অবদান কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়।
এ সময় তিনি সাম্প্রতিক নির্বাচনে নারায়ণগঞ্জের ভোটারদের ভূমিকাও প্রশংসা করেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও বিরোধী জোটকে সমর্থন দেওয়ার জন্য স্থানীয় জনগণকে অভিনন্দন জানান।













































