রবিবার । জুন ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ জুন ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক


Hannan-Masud

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের মন্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে।

রোববার বাজেট আলোচনায় বক্তব্য দিতে গিয়ে হান্নান মাসউদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যে বিরোধী দল সম্পর্কে ‘অসত্য তথ্য’ তুলে ধরেছেন। তিনি বলেন, মদের ও সিগারেটের দাম বাড়ানো নিয়ে বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া ঋণখেলাপি ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যও সমালোচনা করেন তিনি।

এ বক্তব্যের পর সরকারি দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক হান্নান মাসউদের বক্তব্যের ওই অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

এর জবাবে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে এবং কোনো তথ্য ভুল হলে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা উচিত। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর বক্তব্যও সমালোচনার ঊর্ধ্বে নয়।

পরে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, সংসদ নেতার বিরুদ্ধে ‘অসত্য বক্তব্য’ দেওয়ার অভিযোগ গ্রহণযোগ্য নয়। তিনিও ওই বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

বিতর্কের একপর্যায়ে হান্নান মাসউদ অনুমতি ছাড়াই বক্তব্য দেওয়ার চেষ্টা করলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁকে বসে যেতে বলেন। এ সময় তিনি মন্তব্য করেন, “এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।”

পরে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংসদে বাইরের রাজনৈতিক প্রসঙ্গ না টানার আহ্বান জানান। শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার জানান, বিষয়টি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।