
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ বলে দেওয়া বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে স্পিকারের কাছে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল মুনতাকিম। এ কারণে তাঁর ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার।
রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, বাজেট আলোচনায় আবদুল মুনতাকিম নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছিলেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, আবদুল মুনতাকিম তাঁর সঙ্গে দেখা করে বলেছেন, বক্তব্যটি ভুলক্রমে মুখ ফসকে বেরিয়ে গেছে। তিনি স্পিকারকে জানিয়েছেন, তাঁর বাবা এখনো জীবিত এবং নিজের ভুলও স্বীকার করেছেন। স্পিকার বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল হওয়ায় সংশ্লিষ্ট অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৪ জুন বাজেট আলোচনায় অংশ নিয়ে আবদুল মুনতাকিম বলেছিলেন, তাঁর বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামায় দেখা যায়, তাঁর জন্ম ১৯৮১ সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে।





































