সোমবার । জুন ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ জুন ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপিপুত্র সজীব


sajib

বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন।

আজ রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাঁকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ রবিবার দুপুরে ডিএমপির ডিবি পুলিশের সহায়তায় বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাঁকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এনে দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযান ও জিজ্ঞাসাবাদের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়ে আমরা অভিযানে যাই এবং আসার জন্য তাঁর সহযোগিতা কামনা করি। তিনি আমাদের সহযোগিতা করেছেন। পরে এসপি অফিসে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।” তবে তদন্তের স্বার্থে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। আজ সন্ধ্যার দিকে তাঁকে ডিএমপির ডিবি কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।