
ফাইল ছবি
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশের ইতিহাসে রেকর্ড ৩ লাখ ৬০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে অতীতের সব রেকর্ড ভেঙে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সংস্থাটি।
সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় বড় ধরনের ধাক্কা খেয়েছে এনবিআর; যেখানে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮১ হাজার কোটি টাকা। আজ রবিবার (২১ জুন) রাতে এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাজস্ব আদায়ের এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।
এনবিআরের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে প্রথম ১১ মাসে (জুলাই-মে) আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা। কিন্তু এই সময়ে আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। সেই হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা, যা শতাংশের হিসাবে ১৮.৪২% ঘাটতি।
তবে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বিগত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি বজায় রেখেছে এনবিআর। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে আদায় হয়েছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ কোটি টাকা। সেই তুলনায় এবার ৩২ হাজার ৮৫৬ কোটি টাকা বেশি রাজস্ব সরকারের তহবিলে জমা হয়েছে। এর মধ্যে কাস্টমস অনুবিভাগে ৭.০৮%, ভ্যাট অনুবিভাগে ১০.০৫% এবং আয়কর অনুবিভাগে ১২.৫৪% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এনবিআর জানিয়েছে, চলতি জুন মাসের প্রথম ২০ দিনেই ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মাধ্যমে ২০ জুন পর্যন্ত মোট আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা—যা বিগত পুরো অর্থবছরের মোট আদায়ের (৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকা) চেয়েও বেশি।
সংস্থাটি আশা করছে, জুন মাসের শেষ ১০ দিনে আরও অন্তত ২৫ হাজার কোটি টাকা আদায় সম্ভব হবে। আর সেটি হলে অর্থবছর শেষে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের রেকর্ড গড়বে এনবিআর।






































