মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২২ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার

আর্জেন্টিনার একাদশে এক পরিবর্তন, ফিরছে মোলিনা বেঞ্চে মন্টিয়েল


Argentina

মন্টিয়েলের অনুপস্থিতি ছাড়া স্কালোনির প্রথম একাদশে আর কোনো পরিবর্তন নেই

অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই ডান প্রান্তের ডিফেন্ডার গনসালো মন্টিয়েল একাদশ থেকে বাদ পড়েছেন এবং তার জায়গায় সুযোগ পেয়েছেন নাহুয়েল মোলিনা।

গত সপ্তাহে আলজেরিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছিলেন মন্টিয়েল। সেই চোটের কারণেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই একটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি।

মন্টিয়েলের অনুপস্থিতি ছাড়া স্কালোনির প্রথম একাদশে আর কোনো পরিবর্তন না থাকায় আর্জেন্টিনা তাদের পরিচিত ছন্দ ও কৌশল ধরে রাখার দিকেই জোর দেবে।

আর্জেন্টিনার আক্রমণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে সামনে থাকছেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। মাঝমাঠে থাকছেন রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারএবং এনজো ফার্নান্দেজ।

রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেসের জুটি আবারও আর্জেন্টিনার ডিফেন্সকে নেতৃত্ব দেবে। গোলপোস্টের নিচে থাকবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো “এমি” মার্তিনেস।

স্কালোনির দল টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারসাম্যপূর্ণ ফুটবল উপহার দিয়েছে। মেসির অভিজ্ঞতা, ডি পলের কর্মক্ষমতা এবং লাউতারোর গোল করার সামর্থ্যের ওপর ভর করেই আরেকটি জয় তুলে নিতে চাইবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।