
ফাইল ফটো
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ১৬৩ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফিরেছেন ৫৯ হাজার ৮৪৪ জন।
হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে শুরু হওয়া এই ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। বাকি হাজিরাও নির্ধারিত এয়ারলাইনসের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
বুধবার (২৪ জুন) হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হাজিদের ফিরিয়ে আনতে তিনটি প্রধান এয়ারলাইনস নিরলস কাজ করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৯টি ফ্লাইটে ২৮ হাজার ৮৪৫ জন, সৌদিয়া এয়ারলাইনস ৫৯টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৯ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ১৮৭ জন হাজিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
হজ বুলেটিন থেকে আরও জানা গেছে, মোট ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১০ জন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৬ হাজার ৮৮০ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক থেকে বিভিন্ন তথ্য ও সেবা নিয়েছেন ২৮ হাজার ৩২৫ জন হাজি।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছিল। হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিদের ঘরে ফেরা এখন প্রায় শেষের দিকে। হজ অফিসের তথ্যমতে, এবার বাংলাদেশের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।



































