
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে ৩৬ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। আজ বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের গ্রস (মোট) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারের সমান।
একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত কয়েকদিন ধরেই রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে। এর আগে গত ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার। তার আগের দিন অর্থাৎ ২২ জুন গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে মূলত নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করা হয়। সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকর্তারা মনে করছেন, সাম্প্রতিক সময়ে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপ কিছুটা কমে আসার কারণেই রিজার্ভে এমন ঊর্ধ্বমুখী ধারা লক্ষ করা যাচ্ছে।








































