
ফাইল ছবি
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। তবে শক্তিশালী এই কম্পনের পরও কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি জাপানের কুজি শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূগর্ভের ৫১.৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরি ভিত্তিতে মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছেন।
জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা এক বিবৃতিতে জানিয়েছেন, “এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি, তবে আমরা ক্ষয়ক্ষতির ওপর নজর রাখছি।” তিনি আরও জানান, ওই অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং সেখান থেকে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।
এদিকে শক্তিশালী এই কম্পনের পরপরই নিরাপত্তার স্বার্থে ‘জেআর ইস্ট’ (ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি) জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন-আওমোরি থেকে রাজধানী টোকিওর মধ্যকার তাদের বিখ্যাত বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করে।







































