ইন্টারনেটে শীর্ষ ৩০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি টাইম ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করে। এতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নামও রয়েছে। খবর টেকটু।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যা, পেজগুলোর কার্যক্রমের পরিমাণ ও ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। তালিকায় বারাক ওবামা, নরেন্দ্র মোদি ছাড়াও রয়েছেন হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাওলিং, গায়িকা টেলর সুইফট প্রমুখ। এ তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ওবামার পরই রয়েছেন নরেন্দ্র মোদি। ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে অনুসরণ করেন ৩ কোটি ৮০ লাখ মানুষ।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, ভারতের ২০ কোটিরও বেশি অনলাইন ব্যবহারকারীর সঙ্গে সরাসরি সংযুক্ত থাকার উপায় হিসেবেই মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন। নির্বাচনের সময় মোদি ও তার দল সামাজিক যোগাযোগ সাইটে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। ইতিবাচক ফলও দিয়েছে বিজেপির এ প্রযুক্তিনির্ভর প্রচারাভিযান।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন রাজনীতিকদের মধ্যে এ তালিকার শীর্ষে। বিশ্ব রাজনীতিবিদদের মধ্যে ফেসবুকে ওবামার পেজে লাইকের সংখ্যা সবচেয়ে বেশি। আর তার টুইটার অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যাও যে কোনো রাজনীতিবিদের চেয়ে বেশি।



































