কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের ছুঁড়ে দেয়া ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস। ফলে প্লে-অফ খেলার সম্ভাবনা এখনো টিকে রইল রাজস্থানের।
এর আগে, টসে জিতে ব্যাটি করতে নেমে ৮ উইকেটে ১৫৮ রান করতে সক্ষম হয় রাজস্থান। আজিঙ্কা রাহানেকে নিয়ে উদ্বোধনী জুটিতে শুরুটা দুর্দান্তই করেছিলেন বাটলার। ২২ বলে এই জুটিতে আসে ৩৭ রান, যেখানে রাহানের অবদান মাত্র ৯ রানের। রাহানে সাজঘরে ফেরার পর কৃষ্ণাপ্পা গৌতমও ৮ রান করে আউট হয়ে যান।
এরপর সঞ্জু স্যামসন কিছুটা মেরে খেলতে চেয়েছিলেন। ১৮ বলে ১টি করে চার ছক্কায় ২২ রান করা স্যামসনকে সাজঘরের পথ দেখান মুজিব উর রহমান। সতীর্থদের এই আসা যাওয়ার মধ্যেই নিজের ইনিংসটা এগিয়ে নিয়েছেন বাটলার, সেটাও ঝড়ো গতিতে। শেষ পর্যন্ত ৫৮ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ৮২ রান করে মুজিবের বলেই স্ট্যাম্পিং হন ইংলিশ এই ব্যাটসম্যান।
বাটলার ফেরার পর রানের গতিটা আর সেভাবে বাড়াতে পারেননি রাজস্থানের পরের ব্যাটসম্যানরা। ফলে ৬ উইকেট হাতে নিয়েও শেষ ২২ বলে তারা তুলতে পারে মাত্র ২৬ রান।
পাঞ্জাবের হয়ে আরও একবার দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমান। ৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রানে ২টি উইকেট নেন তিনি। তবে সবচেয়ে সফল অ্যান্ড্রু টাই, নিয়েছেন ৪টি উইকেট।












































