রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৭ জুন ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
শেয়ার

সাবেক সিইসি নূরুল হুদা আবারও ৪ দিনের রিমান্ডে


nurul-huda

রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলায় এর আগেও নুরুল হুদাকে ৪ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

প্রহসনের নির্বাচন করার অভিযোগে গত ২২ জুন রোববার ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।

রোববারেই পুলিশ কে এম নূরুল হুদাকে গ্রেফতার করে। ২৫ জুন বুধবার গ্রেফতার হন আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল।