
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও দু’জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল-১।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ মামলার আদেশ দেবেন।
এই মামলায় অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে আছেন।
এর আগে, গত ১ জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। সেদিন, রাষ্ট্রপক্ষ শুনানি করলেও আসামিপক্ষ করেনি।
এরপর গত সোমবার (৭ জুলাই) আসামিপক্ষের শুনানি হয়। মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিলের পর, ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলেও, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির না হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন জানায়, অভিযোগ গঠন হয়ে গেলে জুলাই এর শেষে কিংবা আগস্টের শুরুতে শুরু হতে পারে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ।












































