
বিগত আওয়ামী শাসনামলের একটি ‘বিতর্কিত’ নির্দেশনা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়, বিগত স্বৈরাচারী শাসনামলে একটি নির্দেশনা জারি করা হয়েছিল, যেখানে সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “স্যার” সম্বোধন করতে বলা হয়। এ ধরনের অস্বাভাবিক প্রথা অন্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও অনুসৃত হয় এবং বর্তমানে অনেক ক্ষেত্রে তা অব্যাহত রয়েছে।
উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে বিতর্কিত নির্দেশনাটি বাতিল করা হয়েছে। বৈঠকে মন্ত্রিসভা কর্তৃক পূর্বে জারি করা অন্যান্য আরও প্রটোকল নির্দেশনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রটোকল নির্দেশনা ও সম্বোধন প্রথা পর্যালোচনার জন্য পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রটোকল নির্দেশনার উপযুক্ত সংশোধনী প্রস্তাবনা উপস্থাপন করবে।




































