
মোজাম্মেল বাবু ।। ফাইল ছবি
একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক ও সিইও মোজাম্মেল বাবুকে এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত পুলিশের আবেদনের পর এই আদেশ দেন। পরে মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানো হয়।
এর আগে সাংবাদিক মোজাম্মেল বাবুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে বনানী থানায় করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন মোজাম্মেল বাবুকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি নিয়ে আদালত মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
চাঁদাবাজির অভিযোগে গত ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন বৈশাখী টিভির কর্মকর্তা চৌধুরী মো. হুমায়ুন কবির।
মামলায় ২০০৭ সালে বৈশাখী টিভি কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
গত বছরের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।







































