
বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অবদান দেশের পরিবর্তন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, ‘আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ত রাখার উপায় খুঁজছি। আপনাদের দেখে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই। শুধু দর্শকসারি থেকে নয়, মাঠে নেমে আমাদের সঙ্গে কাজ করুন।’তিনি আরও জানান, রাজনৈতিক নেতাদের সহযোগিতা পাওয়ায় তার আস্থা আরও বেড়েছে।
অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের প্রেজেন্টেশনের মাধ্যমে। তিনি জুলাই অভ্যুত্থানের পর গত ১৫ মাসের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন এবং রেমিট্যান্স প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন।
প্রবাসীদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ এবং আসন্ন জাতীয় নির্বাচনে ভোটদান পদ্ধতি সম্পর্কে তাদের অবহিত করেন।
এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকীর সঞ্চালনায় একটি প্যানেল আলোচনায় অংশ নেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যরা।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির আখতার হোসেন অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।







































