
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘সিঁধুলাই স্বনির্ভর সংস্থা’ এবার পেয়েছে মর্যাদাপূর্ণ ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার। সংস্থাটিকে তাদের উদ্ভাবনী উদ্যোগ ‘সৌরচালিত ভাসমান স্কুল’ কর্মসূচির জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) চীনের ঐতিহাসিক শহর ছুফুতে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।
২০০৫ সালে প্রবর্তিত ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার বিশ্বব্যাপী সাক্ষরতা উন্নয়ন ও শিক্ষার প্রসারে অসাধারণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়ে থাকে। বিশেষত গ্রামীণ এলাকা, নারী ও শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধিতে কার্যকর উদ্যোগের জন্যই এই পুরস্কার প্রদান করা হয়।
গত দুই দশকে দক্ষিণ আফ্রিকা, স্পেন, পাকিস্তানসহ ৩৬টি দেশের মোট ৫৭টি প্রকল্প এ পুরস্কার অর্জন করেছে। এসব উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্কুলছুট শিশু, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর লাখো মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন। এ পুরস্কার কেবল বৈষম্য দূরীকরণে নয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এবারের আসরে বাংলাদেশ ছাড়াও পুরস্কার পেয়েছে আয়ারল্যান্ডের ন্যাশনাল অ্যাডাল্ট লিটারেসি এজেন্সি, তাদের ‘লার্ন উইথ নালা’ ই-লার্নিং ওয়েবসাইট প্রকল্পের জন্য। পাশাপাশি মরক্কোর শিক্ষা মন্ত্রণালয়ের ‘সেকেন্ড চান্স স্কুল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন’ উদ্যোগও এ বছরের স্বীকৃতি পেয়েছে।









































