
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সম্প্রীতি ও ঐক্যের প্রতীক।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “সনাতনী ধর্মবিশ্বাস মতে দুর্গার দশভূজা কাঠামোর মধ্যেই জাতির ঐক্য, সংহতির প্রতীক আছে। লক্ষ্মীর ধনসম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব, গণেশের সাফল্য এবং দুর্গার অসীম শক্তি মিলিত হয়ে অশুভ শক্তিকে পরাজিত করে। এই চিত্র আমাদের শেখায়, ঐক্যবদ্ধ হলে কোনো অশুভ শক্তিই আমাদের দমাতে পারবে না।”
তিনি আরও বলেন, “দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি দুই দিন রাখা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবের সঙ্গে আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পারবেন। দুর্গাপূজা ঘিরে কোনো দুর্ঘটনা বা নাশকতা না ঘটে সেজন্য সরকার সর্বস্তরে তৎপর রয়েছে। প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”
উৎসবের নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “উৎসবের দিনেও যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমি জাতির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার কারণে আজ সরাসরি উপস্থিত হতে পারিনি, তবে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সঙ্গে আছে।”
জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে তিনি আরও বলেন, “আমরা বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার যে যাত্রা শুরু করেছি তা সফল করতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। অশুভ ও অন্যায় পরাজিত হবে, ঐক্য ও সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে।”
সবশেষে তিনি আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং মহান সৃষ্টিকর্তার কাছে সবার মঙ্গল কামনা করেন।



































