শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৩ অপরাহ্ন
শেয়ার

সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়াতে কাজ শুরু করেছে কমিশন


Bangladesh-Government

ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন–২০২৫। ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কমিশন অনলাইনে মতামত গ্রহণের জন্য চারটি প্রশ্নমালা তৈরি করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় বেতন কমিশন–২০২৫ এর সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, কমিশন চারটি আলাদা প্রশ্নমালা তৈরি করেছে—চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য একটি। সংশ্লিষ্ট যে কেউ এসব প্রশ্নমালা পূরণ করে মতামত দিতে পারবেন।

সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd-এ পাওয়া যাবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে আগ্রহী ব্যক্তি, চাকরিজীবী, প্রতিষ্ঠান বা সমিতি অনলাইনে প্রশ্নমালা পূরণ করতে পারবেন।

অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ সরাসরি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে আগ্রহ জানাতে পারবেন।

এর আগে গত ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করে। কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে।  কমিশন জানিয়েছে, কার্যকর বেতন কাঠামো গঠনে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।