বুধবার । জানুয়ারি ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন
শেয়ার

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈশ্বিক সম্মেলন আজ


CA UN

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে বসছে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। এতে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। প্রতিনিধিদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে শুরু হবে এ সম্মেলন। এর মূল লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, পরিস্থিতি মূল্যায়ন এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া।

সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হবে। অগ্রাধিকার পাবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রক্রিয়া।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া তুরস্ক ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিত্ব করবে এবং কুয়েত উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পক্ষে বক্তব্য রাখবে।

সম্মেলনের আগে সোমবার নিউইয়র্কের হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। এসব বৈঠকে রাখাইন রাজ্যের চলমান গৃহযুদ্ধ, রোহিঙ্গা প্রত্যাবাসনের রূপরেখা, শিবিরে বসবাসরত শরণার্থীদের জন্য অর্থায়ন বৃদ্ধি এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয় গুরুত্ব পেয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আন্তর্জাতিক এই বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানের বৈশ্বিক প্রচেষ্টায় নতুন গতি আনবে বলে বাংলাদেশ আশা করছে।