
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ও পরিবেশ আন্দোলনের পথিকৃৎ ড. জেন গুডল আর নেই। বুধবার (১ অক্টোবর) ৯১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় ড. ইউনূস বলেন, “আমি আমার প্রিয় বন্ধু, বিশ্ববিখ্যাত প্রাণীবিজ্ঞানী, প্রাইমাটোলজিস্ট, নৃবিজ্ঞানী এবং পরিবেশ আন্দোলনের পথিকৃৎ ড. জেন গুডলের প্রয়াণে গভীরভাবে শোকাহত। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন এক অক্লান্ত কর্মী। শান্তি, স্থায়িত্ব, ন্যায়বিচার এবং পৃথিবীর সকল প্রাণের পারস্পরিক সম্পর্কের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। প্রাকৃতিক জগত তার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তাকে হারালো, আর আমাদের হৃদয়ে রেখে গেল এক গভীর শূন্যতা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু জেন গুডল গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীর ক্ষমতায়নের উদ্যোগের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন। নব্বইয়ের দশকে তিনি বাংলাদেশ সফর করেন এবং পরে আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে তার নিজস্ব কাজের মধ্যে এ নীতিকে অন্তর্ভুক্ত করেন। তিনি সর্বদা আমাকে অনুপ্রাণিত করেছেন এবং আমাদের কাজের জন্য আন্তরিক প্রশংসা করেছেন। সম্প্রতি ২০২৫ সালের জুন মাসে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ডে কনফারেন্সে তার বক্তব্যে তিনি এ বিষয়টি উল্লেখ করেছিলেন।”
শোকবার্তায় ড. ইউনূস আরও যোগ করেন, “তার অমূল্য সমর্থন এবং প্রেরণার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। তিনি শুধু আমাকে নয়, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। জেন, পৃথিবী আপনাকে সবসময় মনে রাখবে। আপনার আত্মা শান্তিতে থাকুক।”
১৯৩৪ সালের ৩ এপ্রিল লন্ডনে জন্ম নেওয়া ড. জেন গুডল শিম্পাঞ্জি নিয়ে অগ্রণী গবেষণার মাধ্যমে প্রাইমেটদের প্রতি মানবজাতির দৃষ্টিভঙ্গি পাল্টে দেন। তানজানিয়ার গোম্বে স্ট্রিম ন্যাশনাল পার্কে তার টানা ৬০ বছরের গবেষণা বিশ্বজুড়ে ব্যাপক স্বীকৃতি পায়।
২০০২ সালে জাতিসংঘ তাঁকে শান্তির দূত হিসেবে মনোনীত করে। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য প্রভাবশালী গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে ইন দ্য শ্যাডো অব ম্যান বিশেষভাবে উল্লেখযোগ্য।
গুডল বিশ্বের মর্যাদাপূর্ণ বহু পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে রয়েছে ১৯৯০ সালের কিয়োটো পুরস্কার এবং ২০২১ সালের টেম্পলটন পুরস্কার।
তার প্রতিষ্ঠিত জেন গুডল ইনস্টিটিউট জানিয়েছে, মৃত্যুর আগে তিনি যুক্তরাষ্ট্রে একটি বক্তৃতা সফরে ছিলেন।






































