সৌদি আরবের স্বল্পমূল্যের বিমান সংস্থা ফ্লাইএডিল আগামীকাল বুধবার থেকে জেদ্দা–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করছে। এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সংস্থাটি।
প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইএডিল। সময়সূচি অনুযায়ী, ফ্লাইট এফ৩ ৯১১২ জেদ্দা থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে, আর ফিরতি ফ্লাইট এফ৩ ৯১১৩ ঢাকা থেকে স্থানীয় সময় বেলা ১টায় জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।
যদিও ফ্লাইএডিল একটি স্বল্পমূল্যের এয়ারলাইন, তবুও যাত্রীদের জন্য থাকবে বিনা মূল্যে খাবার পরিবেশনের ব্যবস্থা এবং লাগেজ বহনের সুযোগ।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ থেকে সৌদি আরবগামী যাত্রীর সংখ্যা ক্রমেই বাড়ছে। নতুন এই রুট চালু হওয়ায় ভ্রমণের খরচ কিছুটা কমবে এবং বাংলাদেশ–সৌদি এভিয়েশন বাজারে প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রবাসী শ্রমিক ও স্বল্পমূল্যে ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলে দেবে।






































