মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ অক্টোবর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল তদারকি করবেন প্রধান উপদেষ্টা


Chief Adviser

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন একটি বড় আয়োজন—এখানে আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। যিনি শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম, যোগ্যতার ভিত্তিতেই তাকে দায়িত্ব দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে তিনিই নির্বাচনের আগের সকল প্রশাসনিক পরিবর্তন সরাসরি তদারকি করবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব না দেওয়ার আহ্বান জানায় বিএনপি। জবাবে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।

বিএনপি’’র পক্ষ থেকে বলা হয়, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে যেসব কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে থেকে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন, তাদের এবার কোনোভাবেই দায়িত্বে রাখা উচিত নয়। নির্বাচনের আগে প্রশাসনে যেকোনো রদবদল বা নিয়োগের ক্ষেত্রে যেন সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় থাকে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

এসময় প্রধান উপদেষ্টা আরও বলেন, জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের সময় যোগ্যতা ও অভিজ্ঞতাকেই প্রধান মানদণ্ড হিসেবে ধরা হবে। তিনি বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য যা কিছু প্রয়োজন, করা হবে।

বৈঠকে বিএনপি নেতারা পুলিশের নিয়োগ ও বদলি প্রক্রিয়া সম্পর্কেও কিছু পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করায় এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সরকারকে অভিনন্দন জানায় বিএনপি প্রতিনিধি দল।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।