
আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বড়দিনের পরপরই তাঁর ঢাকা আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্র।
এর আগে চলতি বছরের ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়। মূলত রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক জটিলতার কারণে সে সময় তাঁর দক্ষিণ ও পূর্ব এশিয়ার পাঁচ দেশ- বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর স্থগিত করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটি হবে প্রথম ঢাকা সফর- যা কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
সূত্র জানায়, জর্জিয়া মেলোনির এই সফরে অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ- এই তিনটি বিষয় আলোচনার মূল এজেন্ডায় থাকবে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয়।
এছাড়া, গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় এসে প্রধানমন্ত্রী মেলোনির সম্ভাব্য সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে অধ্যাপক ইউনূসও রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সম্মেলনে অংশ নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। সেই হিসেবে জর্জিয়া মেলোনির এই সফর হবে বাংলাদেশে ইতালির কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয় সরকারি সফর।







































