
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির কেন্দ্রীয় জাভা প্রদেশের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। খবর জানিয়েছে এএফপি।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ের একটি ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছানোর সময় বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। এ সময় রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
তিনি বলেন, দুর্ঘটনার পর মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আহতদের চিকিৎসার জন্য সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা মৃতদের মরদেহ ব্যাগে ভরে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পুরোনো যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং সড়ক আইনের ব্যাপক লঙ্ঘনকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে ২০২৪ সালে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপের মধ্যে একটি ব্যস্ত মহাসড়কে একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হন। এছাড়া ২০১৯ সালে পশ্চিম সুমাত্রা দ্বীপে একটি বাস খাদে পড়ে প্রাণ হারান কমপক্ষে ৩৫ জন।



































