
তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদাদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন উচ্চপদস্থ লিবিয়ান কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশে যাত্রাকালে দুর্ঘটনাটি ঘটে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ‘ফ্যালকন ৫০’ মডেলের একটি বিজনেস জেট স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। রাত ৮টা ৫২ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ হওয়ার আগে বিমানটি আঙ্কারার হাইমানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল বলে জানান তিনি। পরে তুর্কি জেন্ডারমারি আঙ্কারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবাহ। তিনি বলেন, এই দুর্ঘটনা জাতির জন্য একটি বড় ট্র্যাজেডি এবং সামরিক বাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি। নিহতরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করেছেন এবং তারা জাতীয় দায়িত্ববোধের প্রতীক ছিলেন।
উল্লেখ্য, জাতিসংঘ সমর্থিত ত্রিপোলি সরকারের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি সপ্তাহে তুর্কি সেনাপ্রধান ও অন্যান্য সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকের জন্য আঙ্কারা সফরে গিয়েছিলেন আল-হাদাদ।
সূত্র : আল জাজিরা



































