
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে তারেক রহমানকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদের বিদায় ঘটেছে। তার নেতৃত্বে বিএনপি কঠিন সময় অতিক্রম করেছে এবং একই নেতৃত্বে ২০২৬ সালের নির্বাচনে বিজয় অর্জিত হবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন ও নির্বাসনের মধ্যেও তারেক রহমান দূর থেকে দলের নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিয়েছেন।
বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক উত্তরণে সবচেয়ে কঠিন পথ তার নেতৃত্বেই অতিক্রম করা হয়েছে, যা দলের জন্য আনন্দের ও গর্বের।
তারেক রহমান এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে তিনি বলেন, আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই বিএনপির লক্ষ্য।
এর আগে আজ দুপুর পৌনে ১২টায় তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিকেল পৌনে ৪টার দিকে তিনি পূর্বাচলের সংবর্ধনাস্থলে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন। সংবর্ধনা শেষে তিনি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।







































