রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ ডিসেম্বর ২০২৫, ৭:০০ অপরাহ্ন
শেয়ার

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে সুসংহত করবে: নাহিদ ইসলাম


Nahid Islam

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ দেশে ফিরে আসার অধিকার পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক সংগ্রামের একটি ইতিবাচক প্রতিফলন। তিনি দাবি করেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান ও তার পরিবার রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন নির্বাসনে ছিলেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে এমন একটি বাস্তবতা তৈরি হয়েছে, যার ফলে আজ তারা দেশে ফিরতে পেরেছেন। এনসিপি নেতা বলেন, ভবিষ্যতে যেন ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতৃত্বকে দমন-পীড়নের শিকার হতে না হয়- এমন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই লক্ষ্য।

বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি ভেঙে আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলবে বলে তারা বিশ্বাস করেন।

সবশেষে তিনি তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তার অংশগ্রহণ ফলপ্রসূ হোক বলে আশা প্রকাশ করেন।